
ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে। বরেলিতে পুলিশের গুলিতে খতম কুখ্যাত ডাকাত ইফতিকার ওরফে শয়তান। বেশ কয়েক বছর ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল ইফতিকার। মাথার দাম রাখা হয়েছিল ১ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, বরেলির ভোজাপুরা এলাকায় বড়সড় ডাকাতির ছক কষেছিল ইফতিকার ও তার দলবল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। পুলিশের গুলিতে মারাত্মক জখম হয় ইফতিকার। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মারা যায় সে। অভিযানে গিয়ে জখম হয়েছেন এক পুলিশকর্মীও। জানা গেছে, খুন, ডাকাতি মিলিয়ে ১৯ টি মামলা ছিল ইফতিকারের নামে। পুলিশকে ফাঁকি দিতে একেক সময় একেক নাম ব্যবহার করত সে।

