
অসমে ফের অশান্তি। কাকোপাথারের কাছে সেনা ক্যাম্পে আচমকা জঙ্গি হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ চলন্ত গাড়ি থেকে সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আচমকা হামলায় ক্যাম্পে থাকা সেনা জওয়ানরা পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। প্রায় আধঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় চলে। এই ঘটনায় তিনজন সেনা জওয়ান সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাই আশঙ্কামুক্ত বলেই জানা গেছে।
প্রতিরক্ষা সূত্রে খবর, হামলায় আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (UBGL) ব্যবহার করা হয়েছিল। সেনা জওয়ানরা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বেসামরিক বাড়িগুলির ক্ষতি এড়াতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়। হামলার পর জঙ্গিরা পালিয়ে যায়। পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা ও পুলিশ বাহিনী। শুরু হয়েছে যৌথ তল্লাশি অভিযান।
সূত্রের দাবি, জঙ্গিরা সম্ভবত সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে। সেনা এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাদের খোঁজে তল্লাশি চলছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। উত্তর-পূর্বে ফের সক্রিয় জঙ্গি হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিরক্ষা মহলে।
অসমে সাম্প্রতিক সময়ে একাধিক ছোটখাটো হামলার ঘটনা ঘটেছে। কাকোপাথারের এই ঘটনা সেই উত্তেজনাকেই আরও বাড়িয়েছে। সেনা ও পুলিশের কড়া নজরদারিতে গোটা অঞ্চল এখন সতর্কতায় মোড়া।
