
নদিয়ার তাহেরপুরে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)–এর সমর্থনে আয়োজিত বিজেপির এক জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনিক আধিকারিকেরা এখন শাসক দলের হয়ে কাজ করছেন। তাঁর বক্তব্য, রাজ্যের বহু বিডিও নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “কর্মচারী” হয়ে গিয়েছেন, এমনকি তাঁদের মধ্যে অনেককেই এআরও পদে নিযুক্ত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।
সুকান্তের দাবি, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে শুরু হয়েছে বাছাই করা ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। বিশেষ করে হিন্দু ভোটারদের টার্গেট করে তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে, এই প্রক্রিয়ার আড়ালে শাসক দলের রাজনৈতিক স্বার্থই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।
সভামঞ্চ থেকেই তিনি রাজ্যবাসীকে আশ্বাস দেন, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বা যাঁরা এসআইআরে অন্তর্ভুক্ত হননি, তাঁদের পাশে থাকবে বিজেপি। একই সঙ্গে সিএএ ক্যাম্পে উপস্থিত সকলকে তিনি নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
সুকান্ত মজুমদার এদিন আরও বলেন, রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সিএএ নিয়ে সরকারের অবস্থান রাজ্যের প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে তাঁর অভিযোগ।
রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে গণতান্ত্রিক কাঠামোকে শাসক দল নিজের স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বিভাজনের রাজনীতি করছে।
