
দক্ষিণ চিন সাগরে চিনা আগ্রাসন ঠেকাতে ভারত থেকে কেনা ব্রহ্মস ক্রুজ মিসাইল মোতায়েন করল ফিলিপিন্স। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম জানায়, মেরিন কোরের তত্ত্বাবধানে জাম্বালেস প্রদেশের উপকূলে স্থাপন করা হয়েছে প্রথম ব্রহ্মস ব্যাটারি। ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র স্থলভূমি, জাহাজ বা সাবমেরিন—তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণযোগ্য। কয়েক বছর আগে ব্রহ্মসের জাহাজ বিধ্বংসী সংস্করণ কেনার চুক্তি করেছিল ফিলিপিন্স, এবার তা কার্যকর হলো।
অপারেশন ‘সিঁদুর’-পর্বে কার্যকারিতা প্রমাণের পর ভারতীয় অস্ত্রের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে। আর্মেনিয়া, মিশর ও ভিয়েতনামও আগ্রহ দেখিয়েছে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামে। বিশেষত দক্ষিণ চিন সাগর ঘিরে উত্তেজনার প্রেক্ষিতে ফিলিপিন্সের এই পদক্ষেপ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চিন দীর্ঘদিন ধরে ওই সাগরের বিস্তীর্ণ অংশ নিজেদের দাবি করে আসছে, যা নিয়ে ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের সঙ্গে তাদের বিরোধ তীব্র হয়েছে। ২০১২ সালে স্কারবোরো শোলে চিনের দখল নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন বেড়েছে। বর্তমানে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ পণ্য পরিবহণ হয় এই জলপথে। ফলে ফিলিপিন্সের হাতে ভারতের তৈরি ব্রহ্মস মোতায়েন দক্ষিণ চিন সাগরের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করল।
