
পাকিস্তানের সেনা নেতৃত্বে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে শাহবাজ শরিফ সরকার। সংবিধানের ২৪৩ নম্বর ধারায় সংশোধন এনে ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ নামে একটি নতুন পদ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পদে থাকবেন বর্তমানে সেনাপ্রধান আসিম মুনির, যিনি এখন ফিল্ড মার্শাল পদে রয়েছেন। প্রস্তাবটি শনিবার পাক পার্লামেন্টের উভয় কক্ষে পেশ হয়েছে এবং রবিবার এ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
নতুন পদ কার্যকর হলে বর্তমান ‘চিফ অফ আর্মি স্টাফ’-এর পদটি বিলুপ্ত হবে এবং ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ দেশের সেনা, নৌ ও বায়ুসেনার সর্বোচ্চ নেতৃত্ব দেবেন। একই সঙ্গে তুলে দেওয়া হবে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের দফতর। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ও নিয়োগের ক্ষমতা আরও স্পষ্টভাবে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের হাতে থাকবে। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীদের পরামর্শে প্রেসিডেন্ট স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানদের পাশাপাশি নতুন প্রতিরক্ষাপ্রধানকেও নিয়োগ করবেন।
এছাড়া ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড’-এর জন্যও একটি নতুন পদ তৈরির প্রস্তাব উঠেছে, যার দায়িত্ব হবে দেশের পরমাণু ও কৌশলগত সম্পদের তত্ত্বাবধান। ফিল্ড মার্শাল ও অন্যান্য শীর্ষ সেনা পদাধিকারীদের সাংবিধানিক সুরক্ষাও নিশ্চিত করা হতে পারে।
সেনাবাহিনীর কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি একটি সাংবিধানিক আদালত গঠন, বিচারপতিদের বদলি এবং প্রেসিডেন্সিয়াল অর্ডার সম্পর্কেও একাধিক প্রস্তাব উঠেছে। শনিবার কিছু বিষয়ে আলোচনা হলেও সেনা কাঠামো নিয়ে মূল বিতর্ক রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা। শাহবাজ সরকারের মতে, এই পরিবর্তন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও সংগঠিত করবে।
