
ভারতীয় শুটিংয়ে নতুন ইতিহাস লিখলেন সম্রাট রানা। কায়রোয় অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বচ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। দীর্ঘ প্রস্তুতি ও আত্মবিশ্বাসের জোরে বিশ্বের শীর্ষ শুটারদের পিছনে ফেলে ভারতের পতাকা উড়ালেন সম্রাট।
রোমাঞ্চকর ফাইনালে তিনি সংগ্রহ করেন ২৪৩.৭ স্কোর, মাত্র ০.৪ পয়েন্টে পিছনে পড়েন চীনের হু কাই। ভারতের বরুণ তোমার ২২১.৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন। প্রথমবারের মতো একই ইভেন্টে দু’জন ভারতীয় শ্যুটার একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়নশিপের পোডিয়ামে ওঠেন যা ভারতীয় শুটিংয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
ব্যক্তিগত সোনার পাশাপাশি দলগত ইভেন্টেও উজ্জ্বল ভারত। সম্রাট রানা, বরুণ তোমার ও শ্রবণ কুমারের সম্মিলিত স্কোর ১৭৫৪ পয়েন্ট, যা দলগত সোনা এনে দেয়। ইতালি দ্বিতীয় ও জার্মানি তৃতীয় স্থান অর্জন করে। শ্রবণ ব্যক্তিগতভাবে শেষ করেন ১২তম স্থানে।
এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ কারণ বছরের শুরুতে বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি সম্রাট। তবুও লড়াই থামাননি, নিজেকে বিশ্বাসে ভরিয়ে নতুন করে ফিরে আসেন। ২০১৮ সালে বাবার তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করা সম্রাট গত বছর জিতেছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গোল্ড। এবার বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে অলিম্পিকের অন্যতম বড় সম্ভাবনা হিসেবে উঠে এলেন তিনি।
অন্যদিকে বরুণ তোমারের পারফরম্যান্সও নজর কেড়েছে। তাঁর ধারাবাহিকতা এবং পরিশ্রম ভারতের পিস্তল শুটিংয়ে নতুন আশা জাগিয়েছে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকর ও ঋষা সিংহ পদক হাতছাড়া করলেও দলগত ইভেন্টে রুপো এনে দিয়েছে ভারত।
সম্রাট রানা ও তাঁর সঙ্গীদের এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় শুটিংয়ে নতুন যুগের সূচনা করল।
