
ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন সের্গিও গোর। মাত্র ৩৯ বছর বয়সেই এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গোর এতদিন হোয়াইট হাউসে কর্মী ও আধিকারিকদের অধিকর্তার পদে ছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন কর্মকর্তাদের অন্যতম হিসেবে তাঁর নাম বহুবার উঠে এসেছে।
কূটনৈতিক সূত্রের খবর, গোর শুধুমাত্র নয়াদিল্লিতেই নয়, দক্ষিণ এশিয়ার সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক তদারকি করবেন। ফলে ভারত, পাকিস্তান, চিন ও বাংলাদেশের সঙ্গে মার্কিন সম্পর্ক কোন পথে এগোবে, তা অনেকটাই নির্ভর করবে তাঁর ভূমিকার ওপর। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এই নিয়োগের মাধ্যমে কার্যত নিজের কূটনৈতিক ভাবনা দক্ষিণ এশিয়ায় সরাসরি প্রয়োগ করতে চাইছেন।
বর্তমান সময় ভারত-মার্কিন সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করছে। বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষিতে ট্রাম্পের ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোকে ওয়াশিংটনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে জন্ম সের্গিও গোরের। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর শৈশবে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি। পরবর্তী সময়ে প্রশাসনিক দায়িত্বে ট্রাম্পের পাশে থেকে নিজের দক্ষতা প্রমাণ করেছেন গোর। এখন তাঁর কূটনৈতিক পরীক্ষা শুরু হবে দক্ষিণ এশিয়ার মঞ্চে।
