
রেকর্ড ৪১ দিন ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী অচলাবস্থা শেষের পথে। সোমবার সিনেট একটি অস্থায়ী তহবিল বিল অনুমোদন করেছে, যা এখন প্রতিনিধি পরিষদের ভোটের অপেক্ষায়। আশা করা হচ্ছে, বুধবারের মধ্যেই সরকারি কার্যক্রম পুনরায় শুরু হবে।
অক্টোবরের শুরুতে অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে প্রায় ১০ লক্ষ সরকারি কর্মচারী বেতনহীন ছিলেন। বন্ধ হয়ে যায় অনেক প্রশাসনিক পরিষেবা, স্থবির হয় সামাজিক সুবিধা কর্মসূচি। এমনকি বিমান চলাচলেও প্রভাব পড়ে প্রতিদিন এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়।
সিনেটের ভোটে ৬০-৪০ ব্যবধানে বিলটি পাশ হয়েছে। কিছু ডেমোক্র্যাটিক সিনেটর রিপাবলিকানদের সঙ্গে মিলিয়ে এই সমঝোতায় সম্মতি দেন, যা দলের ভেতরেই তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। এই চুক্তিতে স্বাস্থ্যবিমা সংক্রান্ত একটি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
নতুন এই বিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সময় অচলাবস্থার শুরু থেকে যেসব সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল, তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী জানুয়ারি পর্যন্ত নতুন কোনো ছাঁটাই হবে না বলেও বিলটিতে উল্লেখ আছে। shutdown শেষ হলে সকল কর্মচারী বকেয়া বেতন পাবেন।
এখন বিলটি প্রতিনিধি পরিষদের ভোটে যাবে, যা রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। আশা করা হচ্ছে, বুধবারই ভোট হবে। এরপর বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হবে।
এই অস্থায়ী তহবিল বিল সরকারকে জানুয়ারি ৩০ পর্যন্ত চালানোর সুযোগ দেবে। কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের তহবিল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত সরকারি পরিষেবা ও কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তি বয়ে আনছে, যদিও রাজনৈতিক বিরোধ এখনো প্রশমিত নয়।
