
১২ হাজার কোটি টাকার অর্থপাচারের অভিযোগে জয়পি ইনফ্রাটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোজ গৌরকে গ্রেফতার করেছে ইডি। বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করা হয়, তদন্তকারীরা জানিয়েছেন যে গৌরের বিরুদ্ধে গৃহ ক্রেতাদের কাছ থেকে তোলা বিপুল পরিমাণ অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে শুরু হওয়া একাধিক এফআইআরের ভিত্তিতে এই মামলা রুজু হয়। অভিযোগ, জয়পি গ্রুপের দুটি সংস্থা জয়পি ইনফ্রাটেক লিমিটেড ও জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড গৃহ প্রকল্পের নামে কোটি কোটি টাকা তুলেছিল, কিন্তু সেই অর্থ প্রকল্পে না লাগিয়ে অন্য ব্যবসায়ে ব্যবহার করা হয়। ফলে হাজার হাজার গৃহ ক্রেতা বছরের পর বছর ধরে ফ্ল্যাটের দখল পাননি।
তদন্তে জানা গেছে, গৌর সংস্থার আর্থিক সিদ্ধান্তে সরাসরি যুক্ত ছিলেন এবং তাঁর নির্দেশেই অর্থ স্থানান্তরের কাজ হয়। ইডি ইতিমধ্যেই দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ ও মুম্বইয়ে সংস্থার ১৫টি ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রায় ১.৭ কোটি টাকার নগদ, একাধিক নথি ও ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করেছে।
প্রধানত জয়পি উইশটাউন ও জয়পি গ্রিনস প্রকল্পের নামেই বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ তোলা হয়েছিল। ২০১০-১১ সাল থেকেই ফ্ল্যাট বিক্রির প্রতিশ্রুতি দেওয়া হলেও, নির্মাণ দীর্ঘদিন বন্ধ পড়ে থাকে। পরবর্তীতে সংস্থাটি আর্থিক সংকটে পড়ে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করা হয়।
এরপর থেকে একাধিক বার এনসিএলটি-র মাধ্যমে ঋণ নিষ্পত্তির চেষ্টা হলেও কার্যকর সমাধান মেলেনি। ইডি-র দাবি, গৃহ ক্রেতা ও ব্যাংকের অর্থ অন্য সহযোগী সংস্থায় স্থানান্তরিত হয়েছে। জয়পি গ্রুপের এই অনিয়মের জাল এখন নতুন করে আলোচনায়, কারণ এতে হাজারো পরিবারের স্বপ্ন ভেঙে গিয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
