
কাজে এল না বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্যদের লড়াই। রুদ্ধশ্বাস সেমিফাইনালে ভারতীয় এ দলকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ এ দল। শুক্রবার দোহায় দুই দলই ৬ উইকেটের বিনিময়ে তুলেছিল ১৯৪ রান। এর পর সুপার ওভারে নাটকীয় জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের দলটি।
১৯৫ তাড়া করতে নেমে শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল জিতেশ শর্মাদের। শেষ বলে ৪ রান। এই অবস্থায় বাংলাদেশি উইকেটরক্ষক আকবর আলির ভুলে হর্ষ দুবে এবং নেহাল ওয়াধেরা দৌড়ে তিন রান নেওয়ায় টাই হয়ে যায় ম্যাচ। কিন্তু এর পর সুপার ওভারে বাংলাদেশি পেসার রিপন মণ্ডল প্রথম দু’বলেই ফিরিয়ে দেন জিতেশ শর্মা এবং আশুতোষ শর্মাকে। আশ্চর্যজনকভাবে সুপার ওভারে নামানো হয়নি বিস্ময় বালক বৈভবকে।
জয়ের জন্য বাংলাদেশ এ-র প্রয়োজন ছিল মাত্র ১ রান। সুয়শ শর্মা প্রথম বলে ইয়াসির আলিকে ফিরিয়ে দিলেও পরের বলটি ওয়াইড করেন ভারতীয় লেগস্পিনার। ফলে ব্যাটে-বলে না করেও ফাইনালে চলে যায় বাংলাদেশ-এ। উল্লেখ্য, আগে কখনওই এই প্রতিযোগিতায় জিততে পারেনি বাংলাদেশ। তবে এ বার তাদের সামনে থাকছে সেই সুযোগ।
