
দুবাই এয়ার শো চলাকালীন গুরুতর দুর্ঘটনায় ভেঙে পড়ল ভারতের হালকা বহুমুখী যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিট নাগাদ দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের অল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদর্শনীর মাঝেই আচমকা নিমেষে নিচে নেমে আসে বিমানটি। মাটি ছুঁতেই আগুন ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। মুহূর্তের মধ্যে বেজে ওঠে সাইরেন, দৌড়ে যান উদ্ধারকর্মীরা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রদর্শনের অংশ হিসেবে উড়ছিল তেজস। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারানোর পর তীব্র শব্দে বিস্ফোরিত হয়ে ভেঙে যায় বিমানটি। পাইলট আগে থেকেই বাহিরে বেরোতে পেরেছিলেন কি না, বা কেউ আহত হয়েছেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত চারদিক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে। ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয় উপস্থিত দর্শকদের।
দ্বিবার্ষিক এই এয়ার শোতে বিশ্বের একাধিক দেশের অত্যাধুনিক বিমান অংশ নিয়েছিল। এবারের প্রদর্শনী বিশেষ গুরুত্ব পেয়েছিল কারণ বড় বিমান সংস্থাগুলির পক্ষ থেকে উল্লেখযোগ্য নতুন অর্ডার ঘোষণা করা হয়। ঠিক সেই সময়ে তেজসের এই দুর্ঘটনা পুরো আয়োজনে ছায়া ফেলেছে। বড় বড় কালো ধোঁয়ার স্তম্ভ দূর থেকে দেখা গিয়েছে, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ কী প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনও সমস্যা তা খতিয়ে দেখতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুবাইয়ের জরুরি পরিষেবা দ্রুত এলাকাটি সুরক্ষিত করে তদন্তের কাজ শুরু করেছে।
প্রদর্শনীর সময় এত বড় মাপের দুর্ঘটনা হওয়ায় আতঙ্ক ছড়াল উপস্থিত দর্শকদের মধ্যে। তবে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত স্পষ্ট নয় কীভাবে আধুনিক প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি এমনভাবে বিধ্বস্ত হল। তবুও আকাশযানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
