
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৭ রান করেও ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্রাত্য ছিলেন সাই সুদর্শন। যে সিদ্ধান্ত হতবাক করেছিল ক্রিকেট মহলকে। তবে কামরূপ কামাখ্যার রাজ্যে ভাগ্য ফিরতে চলেছে তাঁর দিকে। শোনা যাচ্ছে, অধিনায়ক শুভমান গিলের চোট পেয়ে ছিটকে যাওয়ায় তিন নম্বরে ফের সুযোগ পেতে পারেন সাই।
ইডেনে সুদর্শন বাদ পড়ায় তিন নম্বরে নামানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। তবে সাই ফিরলে তিন নম্বরে তাঁর খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে সম্ভবত এটাই চূড়ান্ত পরীক্ষা হতে চলেছে তাঁর জন্য। গত ইংল্যান্ড সফর থেকে দু-একটি ইতিবাচক ইনিংস খেললেও টেস্ট ক্রিকেটে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাই। বিশেষ করে, ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাটার প্রতি সুবিচার একেবারেই করতে পারেননি তিনি।
এ বার গিলের চোটে হঠাৎ করেই কপাল খুলে গিয়েছে সাইয়ের। বর্ষাপাড়া স্টেডিয়ামে অধিনায়কের অনুপস্থিতিতে যদি তিনি ভারতীয় ব্যাটিংকে ভরসা জোগাতে পারেন তা হলে টেস্টে তিন নম্বর জায়গাটা কার্যত পাকা করে ফেলবেন। সেই কারণেই গুয়াহাটি টেস্ট আসলে আস্থা ফিরে পাওয়ার মঞ্চ হতে চলেছে সাইয়ের জন্য। এক কথায়, ডু অর ডাই।
তবে শুধু সাই সুদর্শন নন। নজরে থাকবেন নীতিশ কুমার রেড্ডিও। গুয়াহাটিতে থাকছে লাল মাটির উইকেট। সেই কারণে অক্ষর প্যাটেলের পরিবর্তে নীতিশকে খেলানো হতে পারে বলে শোনা যাচ্ছে। লাল মাটির উইকেটে পেসাররা বাড়তি সাহায্য পেয়ে থাকেন। সেই কারণেই কলকাতা টেস্ট থেকে বাদ পড়লেও গুয়াহাটিতে নীতিশের ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এ বার বাকিটা তাঁর নিজের হাতে।
