
ইডেনের পর এ বার কাঠগড়ায় পারথের অপটাস স্টেডিয়ামের পিচ। শুক্রবার অ্যাশেজ সিরিজের প্রথম দিনেই এই সারফেসে পড়ল ১৯ উইকেট। ইংল্যান্ড ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর দিন শেষে ৯ উইকেট হারিয়ে ফেলেছে অজিরাও। এখনও ৪৯ রানে পিছিয়ে তারা।
টসে জিতে ব্যাট করতে নেমে একা মিচেল স্টার্কের সামনেই শেষ হয়ে যায় ইংরেজরা। ৫৮ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই জোরে বোলার। তাঁর সামনে থই পাচ্ছিলেন না বিপক্ষের কোনও ব্যাটারই। কোনও রান না করেই ফিরতে হয় জো রুটকে। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন হ্যারি ব্রুক।
জবাবে দিনের শেষে ১২৩ রান তুলতেই ৯ উইকেট খুইয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। স্টার্কের পাল্টা হিসেবে বল হাতে অবতীর্ণ হন বেন স্টোকস। ২৩ রান দিয়ে এখনও পর্যন্ত ৫ টি উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। এ দিকে প্রথম দিনেই ১৯ উইকেট পড়ায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে পারথের পিচ নিয়ে। সম্প্রতি ইডেনে ঘরের দলের নাস্তানাবুদ হওয়ার যে দৃশ্য দেখা গিয়েছিল, শুক্রবার পারথেও ধরা পড়ল সেই একই দৃশ্য।
