
টেস্টের চতুর্থ দিন মনের সুখে ব্যাট করলেন স্টাবস-জর্জিরা। যেন ম্যাচের প্রথম দিন। ভারতীয় ব্যাটিংয়ের যা হাল তাতে চতুর্থ ইনিংসে ৪০০ রানই ছিল যথেষ্ট। তবু আরও ১৫০ জুড়ল দক্ষিণ আফ্রিকা। এই সিদ্ধান্তই বুঝিয়ে দেয়, ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে পেড়ে ফেলতে শেষ দিনের ৯০ ওভারই যথেষ্ট মনে করছে প্রোটিয়ারা।
এ দিকে এরই মধ্যে ডান হাতের কনুইতে চোট পেলেন মহম্মদ সিরাজ। ফলে প্রশ্ন উঠছে, ইডেনের দুই ইনিংসের মতো বুধবারের বর্ষপাড়াতেও কি ৯ উইকেটে নামতে হবে ঋষভ পন্থের ভারতকে? ইতিমধ্যেই দুই ওপেনার ফিরে গিয়েছেন। সুতরাং, হাতে রইল সাত?
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ৭৫ তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কনুইয়ে চোট পান সিরাজ। এর পর ফিজিওর সঙ্গে দ্রুত মাঠ ছাড়লেও যদিও কিছুক্ষণের মধ্যেই ফেরত আসেন তিনি, তবে ভারতীয় বোলারের চোট কতটা গুরুতর তা এখনও বিশদে জানায়নি বোর্ড। মনে করা হচ্ছে, প্রয়োজনে বুধবার হয়ত ব্যাট করতে নামবেন সিরাজ।
কিন্তু সিরাজের প্রয়োজন পড়ুক সেটা যে গুরু গম্ভীর আর তাঁর টিম ম্যানেজমেন্ট চাইবে না তা বলাই বাহুল্য। সিরিজ হারলেও ক্ষতি নেই। কিন্তু ঘরের মাঠে এক বছরের মধ্যে আরও একটা হোয়াইটওয়াশ কিছুতেই বরদাস্ত করা যাবে না। আর হোয়াইটওয়াশ এড়াতে প্রয়োজন ব্যাটারদেরই। চতুর্থ দিনে ভারতীয় ব্যাটিংকে তাচ্ছিল্য করে যে কাণ্ডটা ঘটাল তেম্বা বাভুমার দল, তার জবাব দিতে পারলে কিছুটা হলেও মান বাঁচবে ঋষভদের।
