
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিশ্ব ফুটবলের এই তারকা জুটি আগামী গ্রীষ্মেই পরিণতি দিতে চলেছেন তাঁদের নয় বছরের সম্পর্ককে। ব্রিটিশ ট্যাবলয়েড সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ঠিক পরেই হবে বহু প্রতীক্ষিত এই বিয়ে।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে রোনাল্ডো বেছে নিয়েছেন তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন ক্যাথিড্রাল অফ ফুনচালকে। ১৫১৪ সালে নির্মিত এই ঐতিহাসিক চার্চটি শুধু স্থাপত্যের সৌন্দর্যের জন্যই নয়, রোনাল্ডোর ব্যক্তিগত জীবনের স্মৃতিগুলোর সঙ্গেও গভীরভাবে জড়িত। ফুনচাল হসপিটাল যেখানে তাঁর জন্ম থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই এই চার্চ। কাছেই রয়েছে ন্যাশনাল দ্য মাদেইরা ক্লাব, সেখান থেকেই শুরু হয়েছিল রোনাল্ডোর ফুটবলজীবনের প্রথম অধ্যায়।
২০১৬ সালে মাদ্রিদের একটি লাক্সারি স্টোরে প্রথম দেখা হয়েছিল রোনাল্ডো ও জর্জিনার। সেখান থেকেই শুরু হয় প্রেমের গল্প। তাঁদের দুই সন্তান রয়েছে, পাশাপাশি রোনাল্ডোর আরও তিন সন্তান রয়েছে সারোগেসির মাধ্যমে। গত আগস্টে বাগদান ঘোষণা করার পর থেকেই তাদের বিয়েকে ঘিরে জল্পনা তুঙ্গে। পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, “জীবনের ভালো জিনিসগুলো নিজস্ব সময়েই আসে।” এবার সেই প্রতীক্ষার অবসান।
বিয়ের তারিখ এখনও প্রকাশ হয়নি, তবে পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে অতিথি তালিকায় থাকতে পারেন বিশ্বের নামকরা ফুটবল তারকা, ব্যবসায়ী ও সেলিব্রিটিরা। ঐতিহাসিক ভেন্যু, রোনাল্ডোর শৈশব স্মৃতি এবং বিশ্বমঞ্চের অন্যতম সেরা তারকার জীবনের নতুন অধ্যায় সব মিলিয়ে ফুটবল বিশ্বে ইতিমধ্যেই ‘ড্রিম ওয়েডিং’-এর উত্তাপ তুঙ্গে।
রোনাল্ডো–জর্জিনার এই রূপকথার প্রেম এবার আনুষ্ঠানিক পরিণতির অপেক্ষায়।
