
কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলপন্থী বলে দাবি করা বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ভঙ্গের অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার কাছে ৪৮ ঘণ্টার মধ্যে একশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কমিশনের মতে, গত ২৪ তারিখ যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তাতে সিইও দফতরের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি সামনে এসেছে।
সংবাদমাধ্যমে প্রচারিত দৃশ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা সিইও দফতরের অভ্যন্তরে পৌঁছে উত্তেজনা তৈরি করেন। কমিশন জানিয়েছে, এমন ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম সিইও-সহ দফতরের সকল আধিকারিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। শুধু দফতর নয়, সংশ্লিষ্ট আধিকারিকরা যে সরকারি আবাসনে থাকেন, সেখানকার নিরাপত্তার বিষয়টিও পুনরায় খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এই গুরুত্বপূর্ণ সময়েই দফতরের মধ্যে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে বলে কমিশনের পর্যবেক্ষণ। কমিশন মনে করছে, এমন ঘটনায় প্রশাসনিক কাজে প্রভাব পড়তে পারে এবং নির্বাচন প্রস্তুতিতে বিঘ্ন ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এই প্রেক্ষিতে কমিশন দ্রুততম সময়ে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিরাপত্তা বলয় মজবুত করতে হবে। এখন নজর, কলকাতা পুলিশ পরবর্তী ৪৮ ঘণ্টায় কী পদক্ষেপের বিবরণ জমা দেয়।
