
মালদহের গাজোলে জনসভা থেকে কেন্দ্র এবং বিজেপিকে একসঙ্গে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আর কয়েক মাস বাকি, তার আগে রাজ্যের উন্নয়ন প্রকল্প ও রাজনৈতিক বার্তা দু’দিকেই জোর দিলেন তিনি। নবান্নে সরকারের ১৫ বছরের কাজের হিসেব প্রকাশের পর এদিন মঞ্চে দাঁড়িয়ে ফের মনে করিয়ে দিলেন লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, এসব প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাই তাঁর সরকার করেছে। অভিযোগ তুললেন, “আমি যা বলি, সেটা করি। এখন সবাই আমাদের নকল করছে।”
এসআইআর নিয়ে উদ্বেগের আবহে বিজেপি ও কেন্দ্রকে কটাক্ষ করলেন তিনি। দাবি করলেন, “এটা অমিত শাহের চালাকি। ভোটের আগে হঠাৎ এসআইআর শুরু করেছে। না মানলে নির্বাচন বন্ধ করে দেবে, এমন ভয় দেখানো হচ্ছে।” একইসঙ্গে মানুষের উদ্দেশে তাঁর পরামর্শ, এসআইআর ফর্ম পূরণ করতে হবে, না হলে নাম কাটার ঝুঁকি থাকছে। জানালেন, ১২ ডিসেম্বর থেকে ব্লকভিত্তিক ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প করে তৃণমূলই মানুষকে সাহায্য করবে। আশ্বস্ত করে বললেন, “কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, পুশব্যাকও হবে না। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না।”
বিজেপিকে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে নিশানা করে বলেন, “আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না। জগন্নাথ ধাম আমরাই করেছি। হিন্দু, মুসলিম, শিখ, সব ধর্মকে আমি ভালবাসি।” বিজেপিকে দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ শানান তিনি। সেইসঙ্গে কড়া হুঁশিয়ারি “রক্ত দেব, বাংলাকে ভাগ করতে দেব না।”
সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও সেই প্রসঙ্গেও অবস্থান স্পষ্ট করেন মমতা। জানান, “ওয়াকফ আইন কেন্দ্র এনেছে। আমরা বিরোধিতা করেছি, সুপ্রিম কোর্টেও গিয়েছি। আমাদের থাকতে ওয়াকফ সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না।”
রাজনৈতিক লড়াইয়ের উত্তাপ বাড়াচ্ছে রাজ্যের এই সভা, পরিষ্কার বার্তা, নির্বাচন যত এগোচ্ছে, মমতা তত আক্রমণাত্মক।
