
পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্র নিয়ে ফের উত্তাল রাজনীতি। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের জবাব উদ্ধৃত করে বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য দাবি করেছেন, মাত্র শেষ ছয় মাসেই ২০৭টি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে সরে গেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৮৯৫টি কোম্পানি রাজ্য ত্যাগ করেছে বলেও তাঁর অভিযোগ।
বিজেপির তরফে প্রকাশিত তথ্যানুসারে, কেন্দ্র মন্ত্রকের দেওয়া ২২৩ পাতার তালিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন কোন কোম্পানি গত কয়েক বছরে কলকাতা বা জেলা সদর থেকে তাদের অফিস, কারখানা বা ব্যবসার কেন্দ্র স্থানান্তর করেছে। তালিকায় ক্ষুদ্র-মাঝারি সংস্থার পাশাপাশি রয়েছে বহু বড় ও লিস্টেড কোম্পানিও। তাদের মধ্যে রয়েছে Netweb Technologies, Gallant Ispat, Eureka Forbes, JK Tyre, Sanathan Textiles-এর মতো উচ্চ মার্কেট ক্যাপের সংস্থা। তথ্যপ্রযুক্তি, ফাইন্যান্স, স্টিল, টেক্সটাইল, প্রায় প্রতিটি ক্ষেত্র থেকেই একাধিক বড় প্রতিষ্ঠান বিকল্প রাজ্য বেছে নিচ্ছে।
এই পরিসংখ্যান সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র তরজা। বিজেপির অভিযোগ, “শিল্প-বান্ধব পরিবেশের অভাব, প্রশাসনিক জটিলতা এবং অস্থিরতার কারণেই সংস্থাগুলি পশ্চিমবঙ্গ ছাড়ছে। রাজ্য সরকার শিল্প নীতিতে ব্যর্থ।” শমীক ভট্টাচার্যের দাবি, এই রিপোর্টই প্রমাণ করছে যে বাংলায় বিনিয়োগের পরিবেশ একেবারেই অনুকূল নয়।
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল শিবিরের দাবি, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্যের অপব্যাখ্যা করছে এবং বাস্তব পরিস্থিতির তুলনায় ভয়ের পরিবেশ তৈরি করছে।
তার মধ্যেই শিল্পমহলের একটি বড় অংশ মনে করছে, রাজনৈতিক দোষারোপের বদলে জমি নীতি, অনুমোদন ব্যবস্থার গতি, পরিকাঠামো উন্নয়ন এবং স্থিতিশীল প্রশাসনের প্রশ্নেই মূল জোর দেওয়া উচিত। সংস্থার প্রস্থান নিয়ে কেন্দ্র-রাজ্যের এই টানাপোড়েন ভবিষ্যতে বিনিয়োগের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
