
মুর্শিদাবাদের বেলডাঙায় বরখাস্ত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে শনিবার সকাল থেকেই জমে উঠেছে প্রস্তুতি। তবে সবচেয়ে নজর কাড়ছে এক দৃশ্য, অনুগামী ও মুসলিমরা মাথায় করে ইট বহনের দীর্ঘ সারি। যেন প্রতীকী ভাবে তারা নিজেরাই মসজিদ নির্মাণের অংশ হয়ে উঠেছেন। এই ইট বহনের দৃশ্যই স্থানীয়দের উৎসাহ, আবেগ ও অংশগ্রহণের সবচেয়ে শক্তিশালী প্রমাণ হয়ে উঠেছে।
হুমায়ুন কবীর সকালে বাসভবন থেকে বেরিয়েই জানান, প্রস্তুতি জোরকদমে চলছে এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করছে। তিনি বলেন, “আমি আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। পুলিশ আমাকে সমর্থন করছে, হাইকোর্টের নির্দেশের পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।” দুপুর ১২টার পর কোরান পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বেলডাঙা থানা, আশপাশের এলাকা এবং মঞ্চের চারদিকে রয়েছে রাজ্য পুলিশের বিশেষ নজরদারি। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের দাবি, কোনোভাবেই যাতে অবাঞ্ছিত পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে।
এদিকে শনিবার সকালে দেখা যায়, বহু মানুষ মাথায় ইট বহন করছেন। তাঁদের কথায়, “আমরা নিজের হাতে ইট নিয়ে যাচ্ছি, কারণ এটি আমাদের বিশ্বাস, আমাদের আবেগের জায়গা, একটা বাবরি ভাঙলে হাজার বাবরি তৈরি হবে।” এই দৃশ্যকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ।
তৃণমূল তাঁকে বরখাস্ত করা সত্ত্বেও, হুমায়ুন কবীরের এই সিদ্ধান্ত এবং উৎসাহে তাঁর অনুগামীদের সক্রিয় অংশগ্রহণ বেলডাঙায় নতুন রাজনৈতিক বার্তাও দিচ্ছে। অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের উচ্ছ্বাস, নিরাপত্তার তৎপরতা এবং ইট বহনের প্রতীকী অংশগ্রহণ, সব মিলিয়ে শনিবার বেলডাঙা দাঁড়িয়ে রইল রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক নজরের কেন্দ্রে।
