
রাজ্যের দুই গুরুত্বপূর্ণ প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’ এর দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে নবান্ন চালু করল পৃথক দরপত্র পোর্টাল। অর্থদফতরের তরফে জেলাগুলিকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে বৃহস্পতিবার থেকেই এই নতুন পোর্টাল চালু হয়েছে এবং সংশ্লিষ্ট কাজগুলির টেন্ডার নেওয়া হবে এখানেই। ভোটের আগে উন্নয়নকে দৃশ্যমান করতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে অত্যন্ত কৌশলী বলে মনে করছেন প্রশাসনিক মহল।
পুজোর আগে থেকে নভেম্বর পর্যন্ত দুই-আড়াই মাস ধরে রাজ্যজুড়ে শিবির করে বুথে বুথে সাধারণ মানুষের অভাব-অভিযোগ সংগ্রহ করা হয়। পানীয় জল, রাস্তা সংস্কার, সেতু মেরামত, আলোর সমস্যা এ সবই উঠে আসে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করে নবান্ন আগেই ঘোষণা করেছিল যে এই প্রকল্পগুলি দ্রুত মাটিতে নামাতে হবে। তাই নির্বাচনের আগে এই কাজগুলিকে গতি দিতে তৈরি হল নতুন টেন্ডার পোর্টাল।
গ্রাম সড়ক যোজনার বরাদ্দ বন্ধ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুবার সরব হয়েছে রাজ্য। সেই শূন্যস্থান পূরণ করতেই রাজ্যের কোষাগার থেকে অর্থ দিয়ে ‘পথশ্রী’ প্রকল্প চালু করা হয়েছিল। এ বার নির্বাচনের মুখে সেই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, মানুষের মূল দাবি রাস্তা, জল, আলো এই তিন ক্ষেত্রেই দ্রুত ফলাফল দেখানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মঙ্গলবার নবান্নে ‘উন্নয়নের পাঁচালি’ পেশ করে মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দেন যে ভোট প্রস্তুতির মধ্যেও সাধারণ নাগরিকের কাজ যাতে বন্ধ না হয়। জেলায় জেলায় আবাসন, স্বাস্থ্য পরিকাঠামো, রাস্তা ও জলসংযোগের কাজের গতি বজায় রাখতে ১৩ সদস্যের একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় মনিটরিং টিম তৈরি করতে।
এই পুরো ব্যবস্থার উদ্দেশ্য একটাই, ভোটের আগেই দৃশ্যমান উন্নয়ন দেখিয়ে মানুষের আস্থা আরও মজবুত করা।
