
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লি সফরকে কেন্দ্র করে ভারত–রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা এক ধাপ এগোল। রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে বিশেষ প্রযুক্তির প্রয়োজন হয়, এবার তা ভারতেই তৈরি হবে। হায়দরাবাদ হাউসে মোদী–পুতিন বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, স্পেয়ার পার্টস থেকে মেরামতির প্রযুক্তি, সবই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে উৎপাদিত হবে। এত দিন এই উপকরণ রাশিয়া থেকে আনতে গিয়ে সময়সাপেক্ষ প্রক্রিয়ার মুখে পড়ত ভারতীয় সেনা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে রক্ষণাবেক্ষণের জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
দুই দেশ জানিয়েছে, শুধু যৌথ উৎপাদনই নয়, ভারতে তৈরি প্রযুক্তি তৃতীয় বন্ধুদেশে রফতানির ক্ষেত্রেও সম্মতি রয়েছে। ভবিষ্যতে আরও আধুনিক সামরিক প্রযুক্তি তৈরিতে পারস্পরিক সহযোগিতার ঘোষণাও হয়েছে। সেনাবাহিনীর একাংশের দাবি, রুশ অস্ত্রের রক্ষণাবেক্ষণ বিলম্বিত হওয়ায় বহুবার সামরিক অভিযানের প্রস্তুতি ব্যহত হয়েছে। তাই এ দেশে প্রযুক্তি তৈরি হলে বাস্তবিক লাভ মিলবে।
এ দিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসোভ ভারত–রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক আরও সম্প্রসারণে জোর দেন। ভারত ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে, যার মধ্যে তিনটি হাতে এসেছে। ‘সিঁদুর অভিযান’-এ এই এস-৪০০ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জানা গিয়েছে, ভারত এস-৫০০ ক্ষেপণাস্ত্র কেনার কথাও ভাবছে।
নতুন সহযোগিতা শুধু প্রতিরক্ষা প্রস্তুতি শক্তিশালী করবে না, বরং ভারতের স্বনির্ভর সামরিক শিল্প তৈরির লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে বিশেষজ্ঞদের মত।
