
টালিগঞ্জ ব্রিজের নীচে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ালেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। শনিবার সকালেই চারুমার্কেট থেকে রাসবিহারির দিকে যাচ্ছিল তাঁর গাড়ি। হঠাৎই একটি বাস এসে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় গাড়ির সামনের কাচ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই আতঙ্কে কেঁপে ওঠেন অভিনেতার অনুরাগীরা। ‘একেনবাবু’ বলে প্রিয় এই অভিনেতার দুর্ঘটনার খবর মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে উদ্বেগ বাড়িয়ে তোলে।
অনির্বাণ পরে নিজেই আশ্বস্ত করে বলেন, তিনি এবং তাঁর গাড়িচালক দু’জনেই শারীরিকভাবে ঠিক আছেন। তবে গাড়ির ক্ষতি বেশ গুরুতর। দুর্ঘটনার মুহূর্ত সম্পর্কে তিনি জানান, টালিগঞ্জ ব্রিজের নীচে হঠাৎই একটি গাড়ি সামনে চলে আসে। তাকে এড়াতে গিয়েই বাসের সঙ্গে ধাক্কা বাধে। ঘটনার পরেও বাসচালকের আচরণ তাঁকে আরও ক্ষুব্ধ করেছে বলে জানান অভিনেতা। তাঁর কথায়, বাসচালক উদ্ধত আচরণ করে উল্টে তাঁকেই দোষ দিতে থাকে এবং পালানোর চেষ্টা করে। অনির্বাণ তাঁকে থামান এবং পুলিশের কাছে অভিযোগ জানান।
অভিনেতা প্রথমে টালিগঞ্জ থানায় এবং পরে চারুমার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে তাঁকে যথেষ্ট সহযোগিতা করা হয়। এমনকি তিনি যে অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেখানে শেষ পর্যন্ত পুলিশই তাঁকে নিজেদের গাড়িতে পৌঁছে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বাসচালকের ভূমিকা, দুর্ঘটনার প্রকৃত কারণ সবই খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অনির্বাণ নিরাপদ থাকায় স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। তবে ব্যস্ত টালিগঞ্জ মোড়ে এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে শহরের ট্রাফিক শৃঙ্খলা ও বাসচালকদের বেপরোয়া আচরণ নিয়ে।
