
ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানা এবং সুরকার পলাশ মুচ্ছলের সম্পর্ক ভাঙনের জল্পনা গত কয়েক দিন ধরে তুঙ্গে। অবশেষে দু’জনেই মুখ খুললেন। বিয়ের সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও ২৩ নভেম্বর হঠাৎ করেই অনুষ্ঠান স্থগিত হওয়ায় জল্পনা আরও বাড়তে থাকে। স্মৃতি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিয়ে বাতিল হয়েছে। এ বার পলাশও সামাজিক মাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়ে জানালেন, এই সম্পর্ক আর এগোচ্ছে না।
পলাশ লিখেছেন, “আমি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভিত্তিহীন গুজবে যেভাবে মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে, তা আমাকে ভীত করেছে। আমার জীবনের অন্যতম কঠিন সময় এটা, কিন্তু আমি ভদ্রভাবে সমস্ত সামলাব।” তাঁর দাবি, নানা অসত্য খবর তাদের ব্যক্তিগত জীবনকে আঘাত করেছে, এবং সমাজ হিসেবে মানুষকে শিখতে হবে কোথায় থামতে হয়।
প্রথমে শোনা গিয়েছিল স্মৃতির বাবার অসুস্থতার কারণেই বিয়ে পিছিয়েছে। পরে রটতে থাকে পলাশের শারীরিক অবস্থা নাকি খারাপ হয়েছিল। এরপর শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক পলাশ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন! যদিও রবিবারের বিবৃতিতে তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও, “ভিত্তিহীন গুজব” বলে উল্লেখ করেন।
বিবৃতির শেষ পর্যায়ে পলাশ কড়া সতর্কবার্তা দেন। তিনি জানান, যাঁরা তাঁর বিরুদ্ধে মিথ্যে তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন। একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান সুরকার।
এদিকে স্মৃতি ও পলাশের বিচ্ছেদে হতবাক ভক্তরা। কারণ, তাদের বিয়ের প্রস্তুতি নিয়ে গত কয়েক মাস ধরেই জোর আলোচনা চলছিল। তবে দুই পক্ষই এখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন সম্পর্ক আর ফিরছে না। দু’জনেই নিজ নিজ জীবনে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।
