
শীত পড়তেই বাজারজুড়ে শুরু হয় ফুলকপি–বাঁধাকপির দাপট। কিন্তু এক–দু’দিনের মধ্যেই একই ঘণ্ট বা তরকারি খেতে খেতে একঘেয়েমি আসা স্বাভাবিক। তাই পরিচিত উপকরণ দিয়েই যদি বানানো যায় অন্য ধাঁচের, অভিনব স্বাদের একটি পদ, তাহলে রোজকার রান্নায় আসে বদল। ঠিক এমনই একটি রেসিপি হল ‘স্টাফড ক্যাবেজ গ্রেভি’ যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই ভিন্ন। শুকনো বা ঝোল দু’ভাবেই পরিবেশন করা যায় এই পদটি।
রান্নার শুরুতে একটি মাঝারি আকারের বাঁধাকপি, পেঁয়াজ, টম্যাটো, কাঁচালঙ্কা ও কাজুবাদাম সামান্য নুন দেওয়া জলে হালকা ভাপিয়ে নিতে হয়। এরপর বাঁধাকপির কাঁঠালির মতো শক্ত গাঁটের অংশ সরিয়ে পাতাগুলি আলতো করে আলাদা করে নিতে হবে। এদিকে এক ঘণ্টা ভিজিয়ে রাখা মটর ডাল কাঁচালঙ্কা ও সামান্য পেঁয়াজ কুচি দিয়ে বেটে নেওয়া হয়। নুন মিশিয়ে তৈরি করতে হবে পুর।
এবার ভাপানো বাঁধাকপির পাতার মধ্যে এই পুর ভরে লম্বা বা চৌকো আকারে মুড়ে নিতে হবে। একটি পাত্রে গরম জলের উপর ঝাঁজরি বসিয়ে তাতে পুরভরা পাতাগুলি রেখে আবার ভাপাতে হবে। চাইলে অল্প তেলে বুলিয়ে দুই দিক সেঁকেও নেওয়া যায়।
গ্রেভির জন্য মিক্সারে টম্যাটো, পেঁয়াজ, কাজু, কাঁচালঙ্কা ও বাঁধাকপির কুচোনো মাঝের অংশ একসঙ্গে বেটে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে এই মসলা কম আঁচে কষতে হবে। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে মশলা তেল ছাড়লে অল্প জল মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। শেষে তাতে পুরভরা বাঁধাকপির টুকরো নামিয়ে উপর থেকে ধনেপাতা বা পেঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করুন।
এই স্টাফড বাঁধাকপি আলাদা করে মোমোর মতোও খাওয়া যায়। আবার ঝোলে ফেলে রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দারুণ জমে যায়। রোজকার রান্নার একঘেয়েমি কাটাতে এই রেসিপিটি সহজেই হয়ে উঠতে পারে ডিনারের কেন্দ্রবিন্দু।
