
রবিবার ব্রিগেডে আয়োজিত গীতাপাঠ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় বিজেপি নেতারা তাঁর বিরুদ্ধে কটাক্ষের ঝড় তুলেছিলেন। এবার সেই সমালোচনার সরাসরি জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
কোচবিহার যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা স্পষ্ট জানালেন, তিনি কোনওভাবেই বিজেপির আয়োজন করা অনুষ্ঠানে যোগ দেবেন না। তাঁর কথায়, “নিরপেক্ষ অনুষ্ঠান হলে নিশ্চয়ই যেতাম। কিন্তু বিজেপির প্রোগ্রামে কীভাবে যাব? আমারও তো একটা আইডিওলজি আছে।” তিনি আরও বলেন, তিনি সব ধর্ম–বর্ণের মানুষকে সম্মান করেন, কিন্তু যে শিক্ষায় তিনি বড় হয়েছেন, সেখানে একপক্ষীয় রাজনৈতিক মঞ্চে ধর্মীয় অনুষ্ঠান করাকে সমর্থন করা হয় না।
গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যে তির ছুঁড়ে মুখ্যমন্ত্রীর পাল্টা সওয়াল ধর্মীয় অনুষ্ঠান কি কোনও রাজনৈতিক দলের মঞ্চ হতে পারে? তাঁর বক্তব্য, ধর্ম মানুষের, কোনও দলের নয়। তাই কোনও রাজনৈতিক রং লাগানো অনুষ্ঠানে তিনি যেতে চান না।
মমতার এই অবস্থান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শাসক–বিরোধী পারস্পরিক আক্রমণের মাঝেও মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট ধর্ম পালনের অধিকার সকলের, কিন্তু তা কখনও রাজনৈতিক হাতিয়ার হওয়া উচিত নয়।
