
লোকসভায় আজ শুরু হচ্ছে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ আলোচনা, যার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীতকালীন অধিবেশনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি এই গানকে কেন্দ্র করে দুই দিনব্যাপী বিতর্ক। কেন্দ্র জানিয়েছে, গানের অজানা বহু ঐতিহাসিক তথ্য আজ সংসদে তুলে ধরা হবে। দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী; পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও আলোচনায় অংশ নেবেন।
লোকসভার মতো রাজ্যসভাতেও থাকছে তিন ঘণ্টার বিশেষ সময়সূচি। এনডিএ সাংসদের পাশাপাশি বিরোধী শিবির থেকেও বক্তব্য রাখবেন প্রিয়ঙ্কা গান্ধী ও গৌরব গগৈ। তৃণমূল কংগ্রেস আলোচনা সমর্থন করলেও কংগ্রেস সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, দেশে যখন এসআইআর নিয়ে চর্চা চলছে এবং পশ্চিমবঙ্গে ভোটের বছর সামনে, ঠিক তখনই বন্দে মাতরমকে সংসদীয় বিতর্কের কেন্দ্রে আনা রাজনৈতিক বার্তা বহন করছে।
১৮৭০-এর দশকে রচিত বঙ্কিমচন্দ্রের এই গান স্বাধীনতা সংগ্রামে সাহস, বীরত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। যদিও এক সময়ে এটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব উঠেছিল, শেষ পর্যন্ত জনগণমনকেই বেছে নেওয়া হয়। সম্পূর্ণ ছয়টি পংক্তি থাকলেও প্রথম দুটি পংক্তিই স্বীকৃত এবং বহুল ব্যবহৃত। এ বছর গানের ১৫০তম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ১ অক্টোবর থেকেই বছরভর উদযাপনের ঘোষণা করে।
সম্প্রতি প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ কয়েকটি পংক্তি ইচ্ছাকৃতভাবে বহু বছর ধরে সামনে আনা হয়নি। আজকের বিশেষ আলোচনায় সেই ‘অজানা ইতিহাস’ নিয়েই মুখ খুলতে পারেন তিনি। সংসদজুড়ে তাই নজর এখন বন্দে মাতরমের উপর, যা শুধুমাত্র এক গান নয় ভারতের জাতীয় চেতনারই এক অমর প্রতীক।
