
দেশের কর-বণ্টনে বড়সড় বৈষম্যের ছবি সামনে এসেছে কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান ও ষোড়শ অর্থ কমিশনের প্রস্তাব নিয়ে তৈরি সাম্প্রতিক আলোচনায়। ‘দ্য হিন্দু’-র বিশ্লেষণ অনুযায়ী, দেশের সাতটি রাজ্য কেন্দ্রকে উল্লেখযোগ্য পরিমাণ কর দিলেও ফেরত হিসেবে পাচ্ছে তুলনায় অনেক কম অর্থ। আবার বিপরীত দিকে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থান কম কর দিয়ে কেন্দ্র থেকে পাচ্ছে বেশি প্রাপ্য।
অর্থ মন্ত্রক রাজ্যসভায় জানিয়েছে, ২০২০-২১ থেকে ২০২৪-২৫, এই পাঁচ অর্থবর্ষে কেন্দ্রীয় কর সংগ্রহের ৪.৬% এসেছে উত্তরপ্রদেশ থেকে। কিন্তু ফেরত পাওয়া অর্থ মোট সংগৃহীত করের ১৫.৮%। একইভাবে বিহার ও মধ্যপ্রদেশের মতো রাজ্যও কম অবদান রেখেও বেশি প্রাপ্য আদায় করেছে।
অন্যদিকে সবচেয়ে বেশি কর দিয়ে সবচেয়ে কম ফেরত পাওয়া রাজ্য মহারাষ্ট্র। গত পাঁচ বছরে কেন্দ্রীয় কর সংগ্রহে মহারাষ্ট্রের অবদান ছিল ৩৬.১%। অথচ প্রাপ্য হিসেবে তারা ফিরে পেয়েছে মাত্র ৬.৬৫%। তালিকায় পরবর্তী স্থানে রয়েছে হরিয়ানা, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং গুজরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য।
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজা মুন্ডে জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী জনসংখ্যা, আয়তন, জনবিন্যাসসহ মোট ছ’টি মানদণ্ড দেখে প্রাপ্য নির্ধারণ করা হয়। তবে রাজ্যের কর অবদান সেই কমিশনের মানদণ্ডে ছিল না।
এবার নতুন করে ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রাপ্য নির্ধারণ করেছে ষোড়শ অর্থ কমিশন। রাজ্যভিত্তিক কর-অবদান বিবেচনায় ফেরত দেওয়ার সুপারিশ কার্যকর হলে একাধিক রাজ্যের প্রাপ্য কাঠামো বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
