
ইন্ডিগো–র ব্যাপক ফ্লাইট বাতিল ও দেরি নিয়ে দেশজুড়ে অসন্তোষের মধ্যে আজ সংসদের দুই কক্ষেই উত্তাপ বাড়তে চলেছে। মঙ্গলবার লোকসভায় ইন্ডিগো সঙ্কটের বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু। সোমবার রাজ্যসভায় তিনি জানান, সংস্থার “অভ্যন্তরীণ সিস্টেমের সমস্যা” থেকেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ১ ডিসেম্বরের বৈঠকেও ইন্ডিগো কোনও সংকটের ইঙ্গিত দেয়নি বলে দাবি তাঁর। এদিনও দেশের বিভিন্ন বিমানবন্দরে ২০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
ইন্ডিগো সঙ্কট নিয়ে লোকসভায় আলোচনা চেয়ে ব্যবসা স্থগিতের নোটিস দিয়েছেন কংগ্রেস সাংসদ মানিকম টাগর। তাঁর অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণেই নজিরবিহীন বাতিলের সংখ্যা, ভাড়া বৃদ্ধি এবং যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে।
এদিকে বহুল আলোচিত বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন (SIR) নিয়ে আজ লোকসভা ও রাজ্যসভা দু’কক্ষেই দীর্ঘ দশ ঘণ্টার বিতর্ক নির্ধারিত হয়েছে। লোকসভায় আলোচনা শুরু করবেন বিরোধী নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের আরও কয়েকজন সাংসদ বক্তব্য রাখবেন। রাজ্যসভায় আলোচনার সূচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটার তালিকায় অসঙ্গতি নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরেই আলোচনার দাবি জানিয়ে আসছে।
এর পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যসভায় বিশেষ আলোচনা হবে। সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গানটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এর দেশাত্মবোধক শক্তি এখনও সমান প্রাসঙ্গিক।
সংসদের আজকের এজেন্ডায় তাই ইন্ডিগো সঙ্কট থেকে SIR বিতর্ক, সঙ্গে ‘বন্দে মাতরম’ সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ দিনেরই ইঙ্গিত।
