
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে একনজর দেখার সুযোগ এল আবারও। ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে ১৩ ডিসেম্বর ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান। কলকাতা, মুম্বই, দিল্লি এবং হায়দ্রাবাদ এই চার শহরেই থাকছে মেসিকে ঘিরে জমকালো আয়োজন। আর এই সফরকে ঘিরেই আয়োজকরা চালু করেছেন একাধিক এক্সক্লুসিভ প্যাকেজ, যেখানে মেসির সঙ্গে ছবি তুলতে চাইলে খরচ হবে চোখ কপালে তোলার মতো টাকা।
সবচেয়ে কম মূল্যের প্যাকেজটি শুরু হচ্ছে ১০ লক্ষ টাকা থেকে, তার সঙ্গে যোগ হবে জিএসটি। এই প্যাকেজে থাকা যাবে শুধুমাত্র প্রথম রেজিস্টার করা ১০০ জনের জন্য। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় হায়দ্রাবাদের ইভেন্টে মেসির সঙ্গে তোলা যাবে ছবি। শুধু ছবিই নয়, মিলবে আর্জেন্টিনা জার্সিতে মেসির অটোগ্রাফ, কিছু বলিউড তারকার সঙ্গে তার সাক্ষাতের মুহূর্ত সরাসরি দেখার সুযোগ এবং বিশেষ ডিনারেও অংশ নেওয়া যাবে।
এর পাশাপাশি রয়েছে আরও কয়েকটি প্যাকেজ। ১২.৫ লক্ষ টাকা দিয়ে বাবা-ছেলে একসঙ্গে মেসির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, যদিও ছবি তোলা যাবে একজনের সঙ্গেই। দু’জনেই পাবেন সই করা আর্জেন্টিনা জার্সি এবং পেনাল্টি কিক দেখার সুযোগ। ফ্যামিলি প্যাকেজের জন্য খরচ ২৫ লক্ষ টাকা যেখানে দু’জন ছবি তুলতে পারবেন, চারজন ডিনারে অংশ নিতে পারবেন। কর্পোরেট প্যাকেজ আরও চমকপ্রদ ৯৫ লক্ষ টাকা দিয়ে কর্পোরেট দলের সদস্যরা মেসির সঙ্গে একসঙ্গে ছবি তুলতে পারবেন, মিলবে বিশেষ সম্মান এবং অটোগ্রাফড জার্সিও।
১৩ ডিসেম্বর দুপুরে হায়দ্রাবাদে পৌঁছে মেসি সন্ধ্যায় উপ্পল স্টেডিয়ামে জনসমাগমে অংশ নেবেন। সেখানে হবে ২০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ, যার শেষ পাঁচ মিনিটে মাঠে নামবেন মেসি স্বয়ং। উপস্থিত থাকতে পারেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও।
২০১১ সালের পর আবার ভারতে পা রাখতে চলেছেন ‘এলএম১০’। আর তাকে কাছ থেকে দেখার সুযোগ যে কতটা মূল্যবান, তা স্পষ্ট এসব অভিজাত প্যাকেজই বলে দিচ্ছে।
