
কলকাতা যেন শনিবার এক কথায় মেসি-নগরী। ভোররাতে শহরে পা রাখার পর থেকেই আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকে। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করে হায়াত রিজেন্সিতে শাহরুখ খান ও তাঁর ছেলে আব্রাম খানের সঙ্গে মেসির ভাইরাল ফ্রেম। ‘রাজার সঙ্গে রাজার দেখা’ এই মুহূর্তই যেন দিনের সবচেয়ে আলোচিত ছবি।
নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই হোটেলে মেসির সঙ্গে সাক্ষাৎ করেন শাহরুখ। ছোট্ট আব্রামকে নিয়ে তোলা ছবিতে ফুটে ওঠে স্বাভাবিক উচ্ছ্বাস। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলের সঙ্গেও ছবি তোলে আব্রাম। পাশে দাঁড়িয়ে থাকা শাহরুখের মুখে ছিল গর্ব আর প্রশান্ত হাসি যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এর আগেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভার্চুয়ালি উদ্বোধন হয় মেসির ৭০ ফুটের মূর্তি। হাতে ফিফা বিশ্বকাপ ট্রফি ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক। ভোর থেকেই হাজার হাজার সমর্থকের ভিড়ে কানায় কানায় ভরে ওঠে ক্লাব চত্বর। জীবনে একবার প্রিয় তারকাকে নিজের শহরে দেখার আবেগেই অপেক্ষা করেন তাঁরা। নিরাপত্তাজনিত কারণে মেসি সরাসরি উপস্থিত না থাকলেও হোটেল থেকেই অনুষ্ঠানে যুক্ত হন।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও মন্ত্রী সুজিত বসু জানান, মেসি ও তাঁর টিম মূর্তিটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। উদ্যোক্তাদের সঙ্গে আগেই সব বিষয়ে সম্মতি নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৪ বছর পর ফের কলকাতায় ফিরলেন মেসি। ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন তিনি। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর উদ্যোক্তাদের দাবি, এই সফর ভারতীয় ফুটবলে নতুন আগ্রহ তৈরি করবে।
মূর্তি উদ্বোধন, তারকাদের উপস্থিতি আর ভাইরাল মুহূর্ত সব মিলিয়ে একদিনে পুরোপুরি মেসিময় হয়ে উঠল কলকাতা। আর সেই স্মৃতির কেন্দ্রে রয়ে গেল আব্রাম-মেসির সেই বিশেষ ফ্রেম।
