
গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে MGNREGA প্রকল্প নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু নাম বদল নয়, একসঙ্গে বাড়ানো হয়েছে ন্যূনতম কাজের দিনের সংখ্যাও। সরকারের দাবি, এই সিদ্ধান্তে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে এবং গরিব মানুষের হাতে বাড়বে রোজগার।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এতদিনের পরিচিত MGNREGA-র নাম বদলে রাখা হয়েছে ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। পাশাপাশি, বছরে ন্যূনতম কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে এই প্রকল্পের আওতায় একজন উপভোক্তা বছরে অন্তত ১২৫ দিনের কাজ পাবেন। প্রতিদিনের মজুরি ধরা হয়েছে ন্যূনতম ২৪০ টাকা, ফলে মোট রোজগারের অঙ্কও উল্লেখযোগ্য ভাবে বাড়বে।
নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক সরকারি প্রতিষ্ঠান ও রাস্তার নাম বদলেছে রাজপথ হয়েছে কর্তব্যপথ, প্রধানমন্ত্রী অফিসের পরিচিত নাম PMO বদলে হয়েছে ‘সেবা তীর্থ’। সেই ধারাবাহিকতায় এবার নাম বদল হল MGNREGA-রও। কেন্দ্রের একাংশের মতে, ঔপনিবেশিক ছাপ মুছে ফেলতেই এই পদক্ষেপ।
তবে বিরোধীদের দাবি, শুধুমাত্র নাম বদল নয়, প্রকল্পের বাস্তব রূপায়ণই আসল প্রশ্ন। বিশেষ করে পশ্চিমবঙ্গে MGNREGA নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন বহুদিনের। বকেয়া টাকা, কাজ বন্ধ থাকা এবং আদালতের নির্দেশ সব মিলিয়ে এই প্রকল্প ঘিরে বিতর্ক কম নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাম পরিবর্তনের নেপথ্যে এই বিতর্কের প্রভাবও থাকতে পারে।
কেন্দ্রীয় সরকারের বক্তব্য, নতুন নাম ও বাড়তি কাজের দিনের ফলে প্রকল্পের প্রতি মানুষের আস্থা বাড়বে। গ্রামীণ এলাকায় কাজের সুযোগ বাড়িয়ে দারিদ্র্য কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। এখন দেখার, বাস্তবে এই পরিবর্তনের সুফল কতটা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছয়।
