
কলকাতায় লিওনেল মেসির GOAT Tour ঘিরে চরম বিশৃঙ্খলার পর এবার কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দর্শক টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশকে। এই ঘটনার পর দর্শকদের টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার।
ডিজি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “যাঁরা দর্শকদের সঙ্গে প্রতারণা করেছেন, প্রত্যেকের বিরুদ্ধেই লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে।” তাঁর কথায়, সাধারণ মানুষ অনেক কষ্ট করে টাকা খরচ করেছেন, সেই টাকা ফেরত পাওয়া তাঁদের অধিকার। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মেসির কলকাতা সফর ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল শহরজুড়ে। কিন্তু অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব, সময়সূচি বিভ্রাট এবং শেষ মুহূর্তের সিদ্ধান্তে দর্শকদের বড় অংশই হতাশ হয়ে ফিরে যান। অভিযোগ, প্রধান উদ্যোক্তার গাফিলতির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন মহল যুবভারতীর বিশৃঙ্খলার দায় কার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে দুঃখপ্রকাশ করে মেসির কাছে ক্ষমা চেয়েছেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, দর্শকদের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং টিকিট ফেরতের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কলকাতার ক্রীড়াপ্রেমীদের কাছে স্বপ্নের এই সন্ধ্যা কীভাবে দুঃস্বপ্নে বদলে গেল, তা নিয়ে এখনো উত্তাল শহর।
