
কলকাতা: ফুটবলপ্রেমী শহরে লিওনেল মেসির আগমন ঘিরে যে উন্মাদনা ছিল, তা মুহূর্তে রূপ নেয় বিশৃঙ্খলায়। শনিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার ছবি সামনে আসে। মাঠে পা রাখার মাত্র ২০ মিনিটের মধ্যেই নিরাপত্তার স্বার্থে মেসিকে বের করে নিয়ে যেতে বাধ্য হন উদ্যোক্তারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মেসিকে একঝলক দেখার তাড়নায় দর্শকদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হলে জলের বোতল ছোড়া হয়, ছেঁড়া হয় ব্যানার ও হোর্ডিং। স্টেডিয়ামের বিভিন্ন অংশে হুড়োহুড়ি শুরু হলে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান।
এই অপ্রত্যাশিত ঘটনায় স্তম্ভিত উপস্থিত ফুটবলপ্রেমীরা। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের জন্য এমন তিক্ত অভিজ্ঞতা কলকাতায় আগে কখনও হয়নি বলেই মত ক্রীড়ামহলের। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও, ততক্ষণে সিদ্ধান্ত নেওয়া হয় মেসিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার।
ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন এত বড় তারকার অনুষ্ঠানে কেন ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা? ফুটবলপ্রেমের শহরে এই ঘটনার রেশ যে দীর্ঘদিন থাকবে, তা বলাই বাহুল্য।
