
বিহার বিধানসভা ভোটের পরই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। রবিবার সেই জল্পনাই বাস্তব রূপ নিল। দলের সংসদীয় বোর্ডের সিদ্ধান্তে বিজেপির জাতীয় কার্যননির্বাহী সভাপতি হিসেবে নিয়োগ করা হল বিহারের মন্ত্রী নীতিন নবীনকে। দলীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে জানিয়েছেন, সংসদীয় বোর্ডের অনুমোদনের পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
দীর্ঘদিন ধরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ শেষ হলেও নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি। সেই শূন্যতা আংশিকভাবে পূরণ করতেই কার্যনির্বাহী সভাপতির পদে নীতিন নবীনের দায়িত্বভার দেওয়া হল বলে রাজনৈতিক মহলের ধারণা। উল্লেখযোগ্যভাবে, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে এভাবে ‘ওয়ার্কিং প্রেসিডেন্ট’ নিয়োগ সাম্প্রতিক কালে খুব একটা দেখা যায়নি।
নীতিন নবীন বিহার রাজনীতিতে পরিচিত ও অভিজ্ঞ মুখ। পটনায় জন্ম তাঁর। তিনি প্রয়াত বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিংহের পুত্র। বাবার মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে আসেন নীতিন নবীন। পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে টানা চারবার ২০১০, ২০১৫, ২০২০ ও ২০২৫ সালে বিধায়ক নির্বাচিত হয়ে তিনি নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।
বর্তমানে নীতীশ কুমারের মন্ত্রিসভায় তিনি সড়ক নির্মাণ এবং নগর উন্নয়ন ও আবাসন এই দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে রয়েছেন। তবে জাতীয় স্তরে সংগঠনের বড় দায়িত্ব পাওয়ায় তাঁকে রাজ্য মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রের খবর।
বিহার ভোটের ফলাফলের পর বিজেপির ভেতরে সংগঠনকে নতুন করে সাজানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছিল। নীতিন নবীনের নিয়োগ সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই পরিবর্তন বিজেপির কেন্দ্রীয় সংগঠনে কী প্রভাব ফেলে এবং ভবিষ্যতে সর্বভারতীয় সভাপতি নির্বাচনের পথে দল কোন দিকে এগোয়।
