
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল। ধর্মশালায় আয়োজিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে এই ম্যাচে ভারতের দলে নেই তারকা পেসার জসপ্রীত বুমরা ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
টসের পর সূর্যকুমার জানান, অক্ষর প্যাটেল অসুস্থতার কারণে এই ম্যাচে খেলছেন না। অন্যদিকে ব্যক্তিগত কারণে সিরিজের মাঝপথে দেশে ফিরে গিয়েছেন জসপ্রীত বুমরা। ফলে বোলিং বিভাগে জোড়া বদল করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বুমরার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হর্ষিত রানা এবং অক্ষরের বদলে খেলছেন অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব।
টেস্ট সিরিজে হারলেও একদিনের সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। এখন টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আগে এই সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয় ভারতকে। সেই ম্যাচে বোলারদের ব্যর্থতা চোখে পড়েছিল। তাই তৃতীয় ম্যাচে বোলিং ইউনিটের পারফরম্যান্সের দিকেই বিশেষ নজর রয়েছে।
ব্যক্তিগত ফর্মে ধারাবাহিক ব্যর্থ হলেও ফের একাদশে জায়গা পেয়েছেন শুবমান গিল। টেস্ট ও ওডিআই ফরম্যাটে তিনি দলের অধিনায়ক এবং টি-২০-তে সহ-অধিনায়ক হওয়ায় তাঁর উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে রয়েছেন অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা।
এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই ভারতের প্রধান লক্ষ্য।
