
লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চরম বিশৃঙ্খলা ও দর্শকদের ক্ষোভের মধ্যেই নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার যুবভারতীতে মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক টিকিট কেটে এসেও মাঠে তাঁর দেখা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় শুভশ্রী সামাজিক মাধ্যমে মেসির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করতেই শুরু হয় তীব্র ট্রোলিং।
এই ট্রোলিং ও অভিনেত্রীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষের বিরুদ্ধে এবার মুখ খুললেন পরিচালক ও বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। একটি দীর্ঘ পোস্টে তিনি প্রথমেই শনিবারের ঘটনায় হওয়া অরাজকতার তীব্র নিন্দা করেন এবং আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ লেখেন, এটি শুধু একটি ইভেন্টের ব্যর্থতা নয়, ফুটবল ও ফুটবলপ্রেমী বাঙালির অপমান। এত বড় তারকার জনপ্রিয়তা সম্পর্কে আয়োজকদের সচেতনতা কেন ছিল না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং দোষীদের শাস্তির দাবি জানান।
শুভশ্রীকে ট্রোল করার প্রসঙ্গে রাজ বলেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে আমন্ত্রিত হিসেবেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর “অপরাধ” শুধু সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। রাজের মতে, হাজার হাজার দর্শক প্রতারিত ও বঞ্চিত হওয়ায় ক্ষোভ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই রাগ একজন অভিনেত্রীর উপর ব্যক্তিগত আক্রমণে রূপ নেওয়া অনুচিত।
সবচেয়ে কড়া ভাষায় রাজ প্রতিবাদ জানান শুভশ্রীর শারীরিক গঠন, পরিচয় ও পরিবারকে টার্গেট করে করা মন্তব্যের বিরুদ্ধে। তিনি লেখেন, একজন মানুষ একাধিক পরিচয়ের অধিকারী তিনি অভিনেত্রী হতে পারেন, আবার মা, স্ত্রী বা সাধারণ ভক্তও হতে পারেন। শুধু নারী এবং পরিচিত মুখ হওয়ার কারণেই কেন তাঁকে এভাবে আক্রমণের মুখে পড়তে হবে, সেই প্রশ্নও তোলেন রাজ।
মেসি-অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা যেমন প্রশাসন ও আয়োজকদের ব্যর্থতা তুলে ধরেছে, তেমনই এই ঘটনা আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোল সংস্কৃতি ও নারী বিদ্বেষের ছবিটা স্পষ্ট করে দিল বলে মত অনেকের।
