
কলকাতায় বিশৃঙ্খলার পর নির্দিষ্ট সূচি মেনেই এগোচ্ছে লিয়োনেল মেসির ভারত সফর। রবিবার সফরের দ্বিতীয় দিনে মুম্বইয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। হায়দরাবাদ থেকে ব্যক্তিগত বিমানে মুম্বই পৌঁছনোর পর দিনভর নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন মেসি। তাঁর সঙ্গে থাকবেন সফরসঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল।
কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ না হলেও মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূচি অনুযায়ী, দুপুর ৩টা ৩০ মিনিট নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় পৌঁছবেন মেসি। সেখানে বিকাল ৪টা ৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি। এই প্যাডেল খেলায় সচিন তেন্ডুলকর এবং সম্ভবত শাহরুখ খানকেও দেখা যেতে পারে।
বিকাল ৫টায় মেসি যাবেন ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রাত ৮টা পর্যন্ত সেখানে থাকার কথা তাঁর। শুরুতে সংবর্ধনা, তার পরে খ্যাতনামীদের নিয়ে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী সহ একাধিক তারকা এই ম্যাচে অংশ নেবেন। মেসি নিজে পুরো ম্যাচ খেলবেন কি না, তা স্পষ্ট নয়। প্রথমার্ধের পর থাকছে স্বল্প সময়ের সঙ্গীতানুষ্ঠান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করবেন মেসি। ১০ মিনিটের পেনাল্টি শুটআউটে অংশ নিতে পারেন মেসি, সুয়ারেজ ও ডি’পল। এর পর ‘প্রজেক্ট মহাদেব’ নামের বিশেষ কোচিং ক্লিনিকে ৬০ জন খুদে ফুটবলারের সঙ্গে সময় কাটাবেন মেসি। প্রায় ৩০ মিনিট ধরে তিনি ফুটবলের কৌশল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
ওয়াংখেড়ের অনুষ্ঠান সাধারণ দর্শকদের জন্য খোলা থাকবে। দুপুর ২টার মধ্যে স্টেডিয়ামে ঢুকতে হবে দর্শকদের। টিকিটের দাম ৮,৮৫০ টাকা থেকে ১৪,৭৫০ টাকা। কলকাতার অভিজ্ঞতার কথা মাথায় রেখে মুম্বই পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান।
