
আইপিএল ২০২৬ কবে শুরু হবে, তা নিয়ে চলা জল্পনার অবসান ঘটাল বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বছরের আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। অর্থাৎ প্রায় দু’মাস ধরে চলবে আইপিএলের ১৯তম মরসুম।
মঙ্গলবার আবু ধাবিতে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই সোমবার আইপিএল আয়োজনের দায়িত্বে থাকা কর্তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকেই বিসিসিআই সম্ভাব্য সূচির কথা জানিয়ে দেয়। জানা গিয়েছে, ২৬ মার্চ, বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচের ভেন্যু নিয়ে অবশ্য এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি কর্ণাটক সরকার চিন্নাস্বামীতে ফের ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে। তবে পদপিষ্টের ঘটনার পর গঠিত তদন্ত কমিশন স্টেডিয়ামের পরিকাঠামো সংক্রান্ত কিছু পরিবর্তনের সুপারিশ করেছে। সেই সংস্কার কাজ শেষ হওয়ার আগেই ম্যাচ আয়োজন সম্ভব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আইপিএলের রীতি অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন দলই উদ্বোধনী ম্যাচ খেলে। সেই অনুযায়ী, আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল সিইও হেমাঙ্গ আমিন জানিয়েছেন, নিরাপত্তা ও দর্শকদের সুরক্ষা নিশ্চিত করেই ম্যাচ আয়োজন করা হবে। বিসিসিআই আশাবাদী, সব শর্ত পূরণ হলে চিন্নাস্বামী স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, আবু ধাবির মিনি নিলামেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। শেষ মুহূর্তে নিলামের তালিকায় যুক্ত হয়েছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। সংশোধিত তালিকায় তাঁর নাম রয়েছে ৩৬০ নম্বরে। সব মিলিয়ে আইপিএল ২০২৬ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
