
কলকাতা: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) ঘিরে রাজ্যজুড়ে কৌতূহল ও উদ্বেগের মধ্যেই নির্বাচন কমিশন প্রকাশ করল নাম বাদের তালিকা। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই কমিশন জানিয়ে দিয়েছে কারা আপাতত তালিকার বাইরে রইলেন, তার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এ এই নাম বাদের তালিকা প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথভিত্তিক কতজনের নাম বাদ পড়েছে, তার সম্পূর্ণ হিসেব রয়েছে এই তালিকায়। ওয়েবসাইটে ঢুকে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করলেই তালিকাটি ডাউনলোড করা সম্ভব।
কমিশন জানিয়েছে, এই তালিকা প্রথম প্রকাশিত হয়েছিল গত ১১ ডিসেম্বর। এরপর প্রায় প্রতিদিনই তথ্য আপডেট করা হচ্ছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই নাম বাদের চূড়ান্ত পরিসংখ্যান সামনে আনা হল বলে কমিশনের দাবি। তবে চূড়ান্ত তালিকায় বাদ পড়া ভোটারের সংখ্যা আগের তুলনায় বেড়েছে না কমেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
এর আগে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাদের খাতায় থাকা সম্ভাব্য ভোটারের সংখ্যা ছিল প্রায় ৫৮ লক্ষ ২০ হাজারের বেশি। এর মধ্যে মৃত ভোটার প্রায় ২৪ লক্ষ, নিখোঁজ প্রায় ১২ লক্ষের বেশি, স্থানান্তরিত প্রায় ১৯ লক্ষ ৮৮ হাজার, ভুয়ো ভোটার প্রায় ১ লক্ষ ৮৩ হাজার এবং অন্যান্য কারণে বাদ পড়েছেন আরও প্রায় ৫৭ হাজার জন।
যাঁরা আশঙ্কা করছেন তাঁদের নাম বাদ পড়তে পারে, তাঁদের জন্য কমিশনের পরামর্শ প্রথমে অনলাইনে তালিকা যাচাই করুন। যদি নাম বাদ যায় বা কোনও ভুল থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি দিয়ে সংশোধন বা পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।
