
কলকাতা: লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার রেশে এবার বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, ডিজি রাজীব কুমারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে নবান্ন।
এছাড়াও, কর্তব্যে গাফিলতির অভিযোগে বিধাননগরের ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিন্হাকেও শোকজ নোটিস পাঠানো হয়েছে। যুবভারতীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য রাজ্য সরকার চারজন আইপিএস আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। এই SIT-এ রয়েছেন আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার ও মুরলিধর। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
বিচারপতি অসীম রায় জানান, কমিটি গঠনের পর তিনি নিজে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন। সেখানে ভাঙা চেয়ার, ছড়িয়ে থাকা জলের বোতল ও চরম বিশৃঙ্খলার চিহ্ন স্পষ্ট ছিল। আগের দিন পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বৈঠক হওয়া সত্ত্বেও কেন নিরাপত্তায় এমন ব্যর্থতা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সব দিক বিচার করেই বিভাগীয় তদন্ত ও শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
যুবভারতীকাণ্ডে একের পর এক শীর্ষ আধিকারিককে শোকজ ও সাসপেনশনের সিদ্ধান্তে স্পষ্ট, প্রশাসনিক গাফিলতিতে আর ছাড় দিতে নারাজ রাজ্য সরকার।
