
পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকামুসলিম নেতা হলেন ‘ব্রাহ্মণ’!য় চাঞ্চল্যকর ভুল সামনে এল। সিপিএমের রাজ্য সম্পাদক ও প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম এবং তাঁর ছেলে আতিশ আজিজের পদবী হিসেবে তালিকায় উঠে এসেছে ‘আওয়াস্থি’ যা সাধারণত ব্রাহ্মণ পদবী হিসেবে পরিচিত। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
আতিশ আজিজ ফেসবুকে নিজের ভোটার তথ্যের ছবি পোস্ট করে কটাক্ষ করে লেখেন, “নির্বাচন কমিশন আমাকে আর মহম্মদ সেলিমকে ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে।” খসড়া তালিকায় ‘শেষ নাম’ বা পদবীর জায়গায় বাংলায় ‘আওয়াস্থি’ লেখা রয়েছে। একই পদবী উল্লেখ করা হয়েছে মহম্মদ সেলিমের নামের পাশেও। সংবাদ সংস্থা পিটিআই-কে আতিশ বলেন, “আমার বাবা দীর্ঘদিনের রাজনীতিক। তাঁর ক্ষেত্রেও যদি এমন ভুল হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কী হয়েছে তা সহজেই অনুমেয়।”
এই সুযোগে নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হয়েছেন মহম্মদ সেলিম। দ্য টেলিগ্রাফকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়াকে কমিশন হালকাভাবে নিয়েছে। যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণের অভাবেই SIR প্রহসনে পরিণত হয়েছে।” তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বহীনতায় এমন ভুল হচ্ছে।
আতিশ জানিয়েছেন, সংশোধনের জন্য তিনি সিপিএমের বুথ লেভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সূত্র এই ভুলকে ‘মানবিক ত্রুটি’ বলে ব্যাখ্যা করেছে এবং জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফেব্রুয়ারির মধ্যেই সব সংশোধন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার SIR শেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রাজ্যে মোট ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে ২৪ লক্ষকে ‘মৃত’, ১৯ লক্ষকে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ এবং ১২ লক্ষকে ‘নিখোঁজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটের আগে এই সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
