
খিচুড়ি মানেই বাঙালির চেনা আরাম-খাবার। বৃষ্টি, শীত কিংবা অসুস্থতার দিন খিচুড়ি যেন সব সময়ের সঙ্গী। তবে একঘেয়ে স্বাদ থেকে বেরিয়ে আসতে চাইলে এবার ট্রাই করতেই পারেন চিকেন ভাজা খিচুড়ি। স্বাদে যেমন ভরপুর, তেমনই পুষ্টিগুণেও সমৃদ্ধ এই পদ লাঞ্চ বা ডিনার দু’সময়েই মন ভরাবে।
যাঁরা খিচুড়ি ভালোবাসেন, তাঁদের কাছে খিচুড়ি খাওয়ার জন্য কোনও নির্দিষ্ট সিজনের দরকার হয় না। আর সেই খিচুড়ি যদি হয় একটু আলাদা স্বাদের, তাহলে তো কথাই নেই। চিকেন ভাজা খিচুড়ি ঠিক তেমনই এক নতুনত্বের ছোঁয়া এনে দেয় পরিচিত রেসিপিতে।
এই খিচুড়ি বানাতে লাগে পোলাওয়ের চাল, মুগ ও মসুর ডাল, ছোট করে কাটা চিকেন, পেঁয়াজ, আদা-রসুন বাটা, ধনে-জিরে গুঁড়ো, গরম মশলা, কাঁচালঙ্কা, দই এবং বিশেষভাবে বিভিন্ন বাদামের বাটা চিনাবাদাম, কাজু বা কাঠবাদাম ও পেস্তাবাদাম। নারকেল বাটা এই খিচুড়ির স্বাদ আরও সমৃদ্ধ করে। রান্নার জন্য ব্যবহার করা হয় সয়াবিন তেল ও শেষে সামান্য ঘি।
প্রথমে মশলা ও বাদামের বাটায় চিকেন কষিয়ে আধাসেদ্ধ করে নিতে হয়। আলাদা করে কড়াইয়ে পেঁয়াজ ভেজে তাতে চাল-ডাল ভালো করে কষিয়ে গরম জল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। শেষে আধাসেদ্ধ চিকেন খিচুড়ির সঙ্গে আলতোভাবে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখলেই তৈরি।
চিকেন ভাজা খিচুড়ি শুধু পেট ভরায় না, এর ঘ্রাণ আর স্বাদ মনও ভরিয়ে দেয়। ঘরোয়া রান্নায় নতুনত্ব আনতে চাইলে এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতেই পারেন।
