
দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুল প্রদেশে এক ভয়াবহ ঝড়ের মধ্যে হঠাৎ ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির একটি বিশাল প্রতিরূপ। ঘটনাটি ঘটেছে গুয়াইবা শহরের একটি হাভান মেগাস্টোরের সামনে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে অনেকেই চমকে ওঠেন।
ডিসেম্বর ১৫ তারিখে সকালটা শুরু হয়েছিল সাধারণ ঝড়ো আবহাওয়ায়। কিন্তু আচমকাই প্রবল বাতাসের দাপটে প্রায় ২৪ মিটার উঁচু স্ট্যাচুটি ধীরে ধীরে সামনের দিকে হেলে পড়ে এবং শেষ পর্যন্ত পার্কিং লটে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের কাছে দৃশ্যটি ছিল সিনেমার কোনও দৃশ্যের মতোই অবিশ্বাস্য।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। আগেই সতর্কতা জারি করা হলেও ঝড়ের তীব্রতা অনেককেই অপ্রস্তুত করে দেয়। ২০২০ সালে নির্মিত এই প্রতিরূপটি ১১ মিটার উঁচু বেসের উপর স্থাপন করা ছিল। তবে প্রবল ঝড়ের চাপ আর সহ্য করতে পারেনি কাঠামোটি। সৌভাগ্যবশত বেসটি অক্ষত থাকে এবং পার্কিং লট প্রায় ফাঁকা থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। উপস্থিত কয়েকজন দ্রুত গাড়ি সরিয়ে নেওয়ায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর গুয়াইবার মেয়র মার্সেলো মারানাতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই দুর্ঘটনায় কেউ আহত হননি, সেটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। হাভান কর্তৃপক্ষ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং কয়েক ঘণ্টার মধ্যেই ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। দোকানও বন্ধ করতে হয়নি।
উল্লেখ্য, ব্রাজিল জুড়ে হাভান স্টোরগুলির সামনে এই ধরনের স্ট্যাচু অব লিবার্টির প্রতিরূপ রয়েছে। সংস্থা জানিয়েছে, সব ক’টিই প্রকৌশলগত অনুমোদন নিয়ে তৈরি। তবু কেন গুয়াইবার স্ট্যাচুটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। আগেও ২০২১ সালে এক ঘূর্ণিঝড়ে অনুরূপ একটি স্ট্যাচু ভেঙে পড়েছিল।
এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, চরম আবহাওয়ার সামনে মানুষ ও স্থাপনার প্রস্তুতি কতটা জরুরি।
