
সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। মঙ্গলবার মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু খেলার মাঝেই পেটে তীব্র যন্ত্রণা শুরু হওয়ায় মাঠ ছেড়ে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। ঘটনার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
সূত্রের খবর, ম্যাচ শুরুর আগেই কিছুটা শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন যশস্বী। তা সত্ত্বেও দলের প্রয়োজনে মাঠে নামেন তিনি। ওপেন করতে নেমে ১৬ বলে ১৫ রান করেন মুম্বইয়ের এই বাঁহাতি ব্যাটার। তবে ব্যাট করার সময়ই বোঝা যাচ্ছিল, স্বাভাবিক ছন্দে নেই তিনি। ম্যাচের শেষদিকে যন্ত্রণার মাত্রা আরও বেড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর যশস্বীর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যানের রিপোর্টে জানা গিয়েছে, তিনি ‘অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস’-এ আক্রান্ত। চিকিৎসকদের মতে, এটি পেটের সংক্রমণজনিত সমস্যা, যার ফলে তীব্র ব্যথা, বমি ও দুর্বলতা দেখা দিতে পারে। প্রাথমিক চিকিৎসার পর মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চিকিৎসকেরা আপাতত সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো ছন্দেই ছিলেন যশস্বী। তিনটি ম্যাচে ১৪৫ রান করেছিলেন তিনি, গড় ছিল ৪৮.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬৮.৬। একটি শতরানও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরবর্তী কয়েকটি ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
আসন্ন আন্তর্জাতিক সূচির দিকেও নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে না থাকলেও জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে যশস্বীর ফিটনেস বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপাতত তাঁর দ্রুত আরোগ্যই সকলের কামনা।
