
আইপিএল ২০২৬-এর মিনি নিলামে সবচেয়ে বেশি বাজেট হাতে নিয়ে নামা দলগুলির মধ্যে অন্যতম ছিল কলকাতা নাইট রাইডার্স। প্রায় ৬৪.৩ কোটি টাকা খরচ করে দল গঠনে বড়সড় পরিবর্তন এনেছে কেকেআর ম্যানেজমেন্ট। লক্ষ্য একটাই গত মরসুমের ব্যর্থতা ভুলে আবার প্রতিযোগিতামূলক দল গড়া।
নিলামের সবচেয়ে বড় চমক ছিল আন্দ্রে রাসেলের বদলে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া। অস্ট্রেলীয় অলরাউন্ডারকে পেতে কেকেআর খরচ করেছে ২৫.২০ কোটি টাকা। পেস বিভাগে মিচেল স্টার্কের জায়গায় ১৮ কোটি টাকায় আনা হয়েছে শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট মাথিসা পাথিরানাকে। যদিও স্পেনসার জনসন ও অ্যানরিক নর্খিয়ের জন্য চেষ্টা করেও শেষ পর্যন্ত তাদের দলে টানতে পারেনি কলকাতা।
বোলিং আক্রমণ আরও শক্তিশালী করতে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে। ডেথ ওভারে তাঁর অভিজ্ঞতা কেকেআরের জন্য বড় অস্ত্র হতে পারে। ব্যাটিং গভীরতা বাড়াতে তুলনামূলক কম দামে ফিন অ্যালেন ও টিম সিফার্টকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি।
২০২৪ সালে চ্যাম্পিয়ন হলেও ২০২৫ সালে ব্যর্থ হয়েছিল কেকেআর। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবছর দল সাজানো হয়েছে। নতুন প্রধান কোচ অভিষেক নায়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার ওপেনিংয়ে সুনীল নারিন থাকছেন না। ওপেন করতে পারেন ফিন অ্যালেন, টিম সিফার্ট বা অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিন নম্বরে ক্যামেরন গ্রিন, চার নম্বরে অঙ্গকৃশ রঘুবংশীকে ভাবা হচ্ছে।
বোলিংয়ে কার্তিক ত্যাগী ও আকাশ দীপের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তরুণ তেজস্বী সিং ও সার্থক রঞ্জনের কাছ থেকেও অবদান আশা করা হচ্ছে।
সব মিলিয়ে কাগজে-কলমে শক্তিশালী দল গড়েছে কেকেআর। তবে এই নতুন কম্বিনেশন মাঠে কতটা কার্যকর হয়, সেটাই এখন বড় প্রশ্ন।
