
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে ঘিরে শনিবারের বিশৃঙ্খলার রেশ এখনও কাটেনি। হাজার হাজার দর্শক বহু টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে মাঠে দেখতে না পেয়ে ক্ষুব্ধ। সেই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে ও নানা মহলে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিনি সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এবার সেই বিতর্কে শুভশ্রীর পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
যুবভারতীতে ঘটে যাওয়া ঘটনার পর শুভশ্রীকে ঘিরে কটু মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এমনকি তাঁর পরিবারের দিকেও কটাক্ষ ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শুভশ্রীর স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তীকে প্রকাশ্যে মুখ খুলতে হয়। নায়িকাও জানান, বিষয়টি তাঁদের সন্তানদের উপর প্রভাব ফেলছে। এই আবহেই রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “শুভশ্রী একজন শিল্পী। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি সেখানে গিয়েছিলেন। নিজের থেকে তিনি লাফিয়ে লাফিয়ে যাননি। এই ঘটনায় অকারণে তাঁকে বলির পাঁঠা করা হচ্ছে।”
রচনার মতে, গোটা ঘটনায় প্রশাসনিক ও আয়োজকদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা উচিত, কোনও শিল্পীকে নিশানা করা নয়। তিনি আরও বলেন, “একজন শিল্পীকে ডাকা হলে তিনি যাবেনই। এখানে শুভশ্রীর করার মতো কিছু ছিল না।” মেসির সঙ্গে দেখা করার ব্যক্তিগত ইচ্ছা প্রসঙ্গেও স্পষ্ট করেন সাংসদ। জানান, কাতার বিশ্বকাপে তিনি মাঠে বসে মেসির খেলা দেখেছেন, তাই আলাদা করে এমন কোনও প্রত্যাশা তাঁর ছিল না।
তবে সাধারণ দর্শকদের হতাশা নিয়ে সহানুভূতিও প্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “যাঁরা প্রথমবার মেসিকে স্বচক্ষে দেখবেন বলে আশা করেছিলেন, তাঁদের আশা পূরণ হয়নি, এটা সত্যিই দুঃখজনক।” সব মিলিয়ে মেসিকাণ্ড ঘিরে উত্তেজনার আবহে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে শিল্পীদের উপর ব্যক্তিগত আক্রমণের প্রবণতার বিরুদ্ধেই বার্তা দিলেন রচনা।
