
যুবভারতী ক্রীড়াঙ্গন সংক্রান্ত বিতর্কে ইচ্ছাকৃতভাবে নাম জড়িয়ে কুৎসা রটানো ও সুনাম নষ্ট করার অভিযোগ তুলে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বুধবার কলকাতা পুলিশের লালবাজার সদর দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ। একই সঙ্গে উত্তম সাহার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করে আইনি নোটিশও পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে সৌরভ গাঙ্গুলি উল্লেখ করেছেন, যুবভারতী কাণ্ডকে কেন্দ্র করে উত্তম সাহা প্রকাশ্যে ও বিভিন্ন মাধ্যমে তাঁর সম্পর্কে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য করেছেন। ওই মন্তব্যের ফলে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি, সামাজিক সম্মান এবং দীর্ঘদিনের অর্জিত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সৌরভের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যার কোনও বাস্তব ভিত্তি নেই। একজন ক্রীড়াবিদ ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা নষ্ট করতেই এই ধরনের মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে তিনি মনে করছেন। তাই আইনি পথে ন্যায়বিচার পাওয়ার জন্য কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, উত্তম সাহার বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়া ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন দেখার, তদন্তে কী তথ্য সামনে আসে এবং আইনি লড়াই কোন দিকে মোড় নেয়।
