
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর। খসড়া তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে এবার সরাসরি ময়দানে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে এবং নথিপত্র সংক্রান্ত সমস্যায় সহায়তা করতেই প্রায় ১৪ হাজার বুথ লেভেল এজেন্ট (BLA)-কে নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রায় ১২ লক্ষ ২০ হাজারের বেশি ভোটারের খোঁজ মেলেনি। পাশাপাশি অন্যান্য কারণে আরও প্রায় ৫৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। এছাড়া ‘নো ম্যাপিং’ তালিকায় থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারের বিষয়েও শুনানির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
তৃণমূলের দাবি, খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি বৈধ ভোটারের নাম না ওঠা নিছক প্রশাসনিক ত্রুটি নয়, বরং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে BLA-দের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, বাদ যাওয়া ভোটারদের সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজন হলে নথিপত্র জোগাড়ে সহায়তার কথাও স্পষ্টভাবে বলা হতে পারে।
কলকাতা ও লাগোয়া তিন জেলার প্রায় ৪০টি বিধানসভার BLA ও BLA-2-দের এই সভায় ডাকা হয়েছে। এর আগে নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের BLA-দের সঙ্গেও বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেছিলেন, কেন ভোটারদের নাম বাদ পড়ছে তা খতিয়ে দেখা জরুরি এবং বুথ স্তরে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।
নেতাজি ইন্ডোরের আজকের বৈঠক থেকেই ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের ভবিষ্যৎ রূপরেখা আরও স্পষ্ট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
