
গ্রামীণ কর্মসংস্থানের অধীনে ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করা এবং কাজের নিশ্চিতকরণের দাবিতে মঙ্গলবার রাজভবন অভিযান সংগঠিত হল। “কেন্দ্র-রাজ্য বুঝি না, কাজ চাই কাজ দাও” এই স্লোগানকে সামনে রেখে ১১টি বাম সংগঠনের ডাকে এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলার হাজার হাজার আন্দোলনকারী।
এদিন সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলা থেকে শ্রমজীবী মানুষ, কৃষিশ্রমিক ও দিনমজুরেরা কলকাতার উদ্দেশে রওনা দেন। আন্দোলনকারীরা হাওড়া স্টেশনের সামনে জমায়েত হয়ে সেখান থেকে হাওড়া ব্রিজ পেরিয়ে মিছিল করে শহরের বুকে প্রবেশ করেন। মিছিল জুড়ে শোনা যায় কাজের দাবিতে একের পর এক প্রতিবাদী স্লোগান।
বাম সংগঠনগুলির দাবি, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে বা পর্যাপ্ত কাজ দেওয়া হচ্ছে না। বহু পরিবার কাজ না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছে। সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের জেরে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক দায় এড়িয়ে যাওয়া চলবে না, মানুষের কাজ পাওয়াই আসল বিষয়।
মিছিলকারীদের দাবি, অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করতে হবে, নতুন করে কাজের তালিকা তৈরি করে প্রত্যেক যোগ্য শ্রমিককে ন্যূনতম ১০০ দিনের কাজ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থারও দাবি তোলা হয়।
রাজভবন অভিযানের মাধ্যমে আন্দোলনকারীরা রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান বলে জানিয়েছেন বাম নেতারা। তাঁদের বক্তব্য, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশি নজরদারি ছিল, যদিও কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
