
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে বড় পরিবর্তন। ভক্তদের নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের কারণে মন্দির প্রশাসন ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ‘স্পর্শ দর্শন’ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে ভক্তরা কেবল ‘ঝাঁকি দর্শন’-এর সুযোগ পাবেন।
স্পর্শ দর্শন মূলত অত্যন্ত আধ্যাত্মিক এক প্রক্রিয়া, যেখানে ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি জ্যোতির্লিঙ্গে স্পর্শ করতে পারে, মাথা ঠেকিয়ে আশীর্বাদ গ্রহণ করতে পারে এবং নিজ হাতে জল ও বেলপাতা অর্পণ করতে পারে। এটি শিবভক্তদের জন্য অত্যন্ত আবেগপূর্ণ এবং পবিত্র একটি মুহূর্ত। সাধারণ দর্শন থেকে এটি আলাদা, কারণ এতে ভক্তরা সরাসরি দেবতার কাছাকাছি পৌঁছান।
কিন্তু বড়দিনের ছুটি ও নতুন বছরের উদযাপনের কারণে মন্দিরে প্রতিদিন দুই থেকে দেড় লক্ষেরও বেশি ভক্তের সমাগম হচ্ছে। বিশেষত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারিতে ভিড় ৬ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হয়েছে। এই বিশাল ভিড় সামলাতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০ দিনের জন্য স্পর্শ দর্শন বন্ধ রাখা হয়েছে।
ঝাঁকি দর্শনের মাধ্যমে ভক্তরা গর্ভগৃহে প্রবেশ না করে চৌকাঠের বাইরে থেকে দেবদর্শন করতে পারবেন। মন্দির প্রশাসনের বক্তব্য, এই ব্যবস্থায় দর্শনার্থীর লাইন দ্রুত এগোবে এবং কম সময়ে অনেক বেশি মানুষ দর্শন করার সুযোগ পাবেন।
মন্দিরের এই নতুন নিয়মের মাধ্যমে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনের অভিজ্ঞতাকে স্বাভাবিক রাখতে চাওয়া হয়েছে। ৩ জানুয়ারির পর পরিস্থিতি বিবেচনা করে আগের নিয়ম ফের চালু হতে পারে। মন্দির প্রশাসন আশা করছে, এই পরিবর্তনের মাধ্যমে ভক্তরা সুষ্ঠু ও নিরাপদভাবে বাবা বিশ্বনাথের দর্শন উপভোগ করতে পারবেন।
